ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শুরুর পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।
শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
আনুষ্ঠানিকভাবে ফেনারবাচেতে লুকাকু
রোমেলু লুকাকুর নতুন ঠিকানা এখন তুরস্ক। আনুষ্ঠানিকভাবে নাপোলি ছেড়ে ফেনারবাচেতে যোগ দিয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে তুর্কি ক্লাবটি ৬০ লাখ ইউরো ট্রান্সফার ফি পরিশোধ করেছে।
নেতোকে নিয়ে প্রিমিয়ার লিগের চার ক্লাবের লড়াই
চেলসির পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতোকে দলে ভেড়াতে আগ্রহী আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। ট্রান্সফার বিশেষজ্ঞ একরেম কোনুর জানিয়েছেন, নেতোর মূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ পাউন্ড নির্ধারণ করেছে চেলসি।
আনুষ্ঠানিকভাবে রোমায় নাহুয়েল মলিনা
অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে রোমায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন রাইট-ব্যাক নাহুয়েল মলিনা। ইতালিয়ান ক্লাবটি ইতোমধ্যে তার দলবদলের ঘোষণা দিয়েছে।
নেদারল্যান্ডসের কোচ হওয়ার দৌড়ে রবার্তো মার্তিনেজ
রোনাল্ড কোমানের বিদায়ের পর নতুন কোচ খুঁজছে নেদারল্যান্ডস। আরনে স্লট ও এরিক টেন হাগ সরে দাঁড়ানোর পর এবার পর্তুগালের সাবেক কোচ রবার্তো মার্তিনেজকে প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করছে ডাচ ফুটবল ফেডারেশন।
ওয়াকারকে চান ডেভিড ময়েস
অভিজ্ঞ ইংলিশ রাইট-ব্যাক কাইল ওয়াকারকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছেন এভারটনের কোচ ডেভিড ময়েস। দ্য সান জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে টফিরা।
ফেরানের পিএসজি যাত্রা সময়ের অপেক্ষা
ফেরান তোরেসকে আজ প্রথম দলের অনুশীলন থেকে অব্যাহতি দিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ফরোয়ার্ডের প্রায় ৫ কোটি ইউরো, সঙ্গে বোনাসের বিনিময়ে পিএসজিতে যোগ দেওয়ার চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি। দুই ক্লাবের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।
মুদ্রিককে ধারে ছাড়তে প্রস্তুত চেলসি
ইউক্রেনের উইঙ্গার মিখাইলো মুদ্রিককে ধারে ছাড়তে প্রস্তুত চেলসি। ফুটবল লন্ডন জানিয়েছে, প্রিমিয়ার লিগের তিনটি ক্লাব তাকে নিতে আগ্রহী, যার মধ্যে রয়েছে কভেন্ট্রি সিটিও।
রদ্রির জন্য দ্বিতীয় প্রস্তাবের প্রস্তুতি বার্সার
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে টানতে দ্বিতীয় প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। দ্য টাইমস জানিয়েছে, প্রায় ৫ কোটি ১৩ লাখ পাউন্ডের প্রস্তাব নিয়ে আবারও সিটির দ্বারস্থ হতে পারে কাতালানরা।
টটেনহ্যাম থেকে স্পেন্সকে চায় ইন্টার
টটেনহ্যামের ইংলিশ রাইট-ব্যাক জেড স্পেন্সকে দলে ভেড়াতে আলোচনা চালাচ্ছে ইন্টার মিলান। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, প্রায় ৩ কোটি ইউরো মূল্যের এই চুক্তিতে ইতালির চ্যাম্পিয়নদের হয়ে খেলতে আগ্রহী ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার।
এন্দ্রিককে ধারে চেয়েও ব্যর্থ ইউনাইটেড
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিককে ধারে নেওয়ার চেষ্টা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্য মিরর-এর দাবি, কোচ জোসে মরিনিয়ো এই তরুণ ফরোয়ার্ডকে অন্তত এই গ্রীষ্ম পর্যন্ত রিয়ালেই রাখতে চান।
জেসুসের জন্য ন্যূনতম ২ কোটি ইউরো চায় আর্সেনাল
গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে নাপোলি। তবে কট অফসাইড জানিয়েছে, ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারকে ছাড়ার কথা ভাববে আর্সেনাল শুধুমাত্র তখনই, যখন প্রস্তাবের অঙ্ক কমপক্ষে ২ কোটি ইউরো হবে।

