ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শুরুর পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।
শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
গাকপোর ভবিষ্যৎ এখন লিভারপুলের হাতে
কোডি গাকপোকে নিয়ে নতুন করে তৎপর হয়েছে ম্যানচেস্টার সিটি। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ডাচ ফরোয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে সিটি। গাকপো ইতোমধ্যে টটেনহ্যামের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন। তবে লিভারপুলের পরিকল্পনা এখন গুরুত্বপূর্ণ, ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে পারলে এবং তার আগে নতুন ফরোয়ার্ড নিশ্চিত করতে পারলেই গাকপোকে ছাড়তে পারে তারা। দলবদলের জানালা বন্ধ হতে আর মাত্র আট দিন বাকি।
এনজোর জন্য ১২ কোটি পাউন্ড দিতে প্রস্তুত সিটি
চেলসির এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটি চেলসির চাওয়া মূল্য দিতে প্রস্তুত। ফুটবল ইনসাইডার জানিয়েছে, ২৫ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য চেলসি ১২ কোটি পাউন্ড দাবি করছে এবং সেই অঙ্কে রাজি হতে পারে সিটি।
নিউক্যাসলের পথে নিকো গনসালেস
ম্যানচেস্টার সিটি থেকে নিকো গনসালেসকে দলে ভেড়াতে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে মৌখিক সমঝোতা হয়েছে। দুই ক্লাবের আলোচনার পর স্প্যানিশ মিডফিল্ডারের জন্য ৪ কোটি ৭০ লাখ পাউন্ড নির্দিষ্ট মূল্য এবং আরও ৩০ লাখ পাউন্ড সম্ভাব্য বোনাসের বিষয়ে সমঝোতা হয়েছে।
মার্তিনেল্লির প্রিমিয়ার লিগ অধ্যায় শেষের পথে
গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে নিয়ে আল-হিলাল ও আর্সেনালের মধ্যে সমঝোতা হয়েছে। ব্রাজিলিয়ান উইঙ্গারকে প্রায় ৫ কোটি পাউন্ডে বিক্রি করতে পারে আর্সেনাল। এখন সৌদি ক্লাবটি খেলোয়াড়ের ব্যক্তিগত শর্ত নিয়ে আলোচনা করছে। সবকিছু ঠিক থাকলে প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি প্রো লিগে পাড়ি জমাবেন মার্তিনেল্লি।
দেপোর্তিভোর পথে আদামা ত্রাওরে
স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রাওরে দেপোর্তিভো লা করুনিয়ায় যোগ দেওয়ার কাছাকাছি। মাত্তেও মোরেত্তো জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা এই দলবদলের জন্য গুরুত্বপূর্ণ। ক্লাবটিতে অবশ্য আশাবাদ রয়েছে, শেষ পর্যন্ত রিয়াসোরে আদামাকে দেখা যাবে।
চেলসি ছাড়তে চান মুদ্রিক, আগ্রহী লিডস
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর চেলসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়ার আশা করেছিলেন মিখাইলো মুদ্রিক। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় ক্লাব ছাড়ার পথ খুঁজছেন ইউক্রেনের এই উইঙ্গার। লিডস ইউনাইটেড তাকে ধারে দলে ভেড়াতে নতুন প্রস্তাব প্রস্তুত করছে বলে জানা গেছে। আগামী দিনগুলোতে দুই ক্লাবের মধ্যে আলোচনা চলবে।
আলভারেজের ভবিষ্যৎ এখনো অন্ধকারে
হুলিয়ান আলভারেজকে নিয়ে দলবদলের নাটক এখনো শেষ হয়নি। বাজার বন্ধ হতে আর নয় দিন বাকি থাকলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ অনিশ্চিত। আইজ্যাক সুয়ারেজ জানিয়েছেন, আতলেতিকো মাদ্রিদ তাকে বার্সেলোনায় যাওয়ার কোনো সুযোগ দিতে চায় না। অন্যদিকে আর্সেনালের সম্ভাবনাও আপাতত কম। তবে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, প্রায় ১৫ কোটি ইউরোর প্রস্তাব এলে আতলেতিকো সেটি বিবেচনা করতে পারে। গত সপ্তাহে আলভারেজকে নিয়ে আর্সেনালের যোগাযোগও ছিল।
ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে বালদের সম্মতি
বার্সেলোনার আলেহান্দ্রো বালদের ভবিষ্যৎ নিয়ে এবার বড় অগ্রগতির খবর। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ২২ বছর বয়সী এই লেফট-ব্যাক তার এজেন্ট জর্জে মেন্দেসকে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার বিষয়ে আলোচনা করার অনুমতি দিয়েছেন। সাম্প্রতিক সময়ে বার্সেলোনায় বালদের জায়গা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর ইউনাইটেডও লেফট-ব্যাক পজিশনে নতুন খেলোয়াড় খুঁজছে।

