টেইটের বিদায়ে পেস বোলিং কোচ তালহা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফে এসেছে পরিবর্তন। পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পেস বোলিং কোচ শন টেইট। তার জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় দলের পেসার তালহা জুবায়ের।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফীস। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের পদত্যাগের বিষয়টি জানায় বিসিবি।

বিসিবির বিবৃতিতে বলা হয়, নিজের পারিবারিক পরিস্থিতির কথা জানিয়ে টেইট দায়িত্বে থাকার সময়সীমা কমিয়ে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোটাই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হয়। পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দলের সঙ্গে টেইটের সময়টা বেশ সফলই ছিল। বিশেষ করে পেস বিভাগে নাহিদ রানার উত্থানের পেছনে তার ভূমিকা উল্লেখযোগ্য। বাংলাদেশের তরুণ পেসারদের উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিদায়ী বার্তায় টেইট বলেন, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা তার জন্য গর্বের বিষয় ছিল। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ দলের অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

অস্ট্রেলিয়ার সাবেক এই গতিতারকা বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। পুরো আলোচনায় বিসিবি যে সমর্থন ও সহমর্মিতা দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। পেসাররা যে অগ্রগতি করেছে, তা নিয়ে আমি গর্বিত। তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের জন্য রইল শুভকামনা।’

এদিকে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আগামী ৬ জুন থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। সফরকারী অস্ট্রেলিয়া দল শুক্রবার বিকেলে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
 

Related Articles

Latest Posts