জামায়াতে ইসলামী রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। প্রতিদিন প্রতি মুহূর্তে বিএনপি লড়াই করেছে।’
‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন,’ বলেন বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, ‘জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং, বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না।’
‘আর জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা গণতন্ত্রই বিশ্বাস করে না,’ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। উভয়পক্ষ নিজেদের মর্যাদা ও স্বার্থ রক্ষা করে চুক্তি করবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে কথা হবে।’
এর আগে স্থানীয়দের উদ্দেশ্যে মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সরকারের মাত্র ৩ মাস সময় হয়েছে। এর মধ্যে বহু কাজ সরকার শুরু করেছে। ফ্যামিলি কার্ড করেছে, কৃষক কার্ড করেছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছে।’
তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় গিয়ে স্থানীয়দের দুর্ভোগের খোঁজ-খবর নেন। পরে মন্ত্রী উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।

