জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্তে ৭ সদস্যের কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটিতে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে আহ্বায়ক এবং শিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

গত ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।

ওই ঘটনার পরদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে অজ্ঞাতপরিচয় একজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।

এই ঘটনায় জড়িতের শাস্তি ও নিরাপত্তার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

Related Articles

Latest Posts