রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন— শেরেবাংলা নগর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) সামসুজ্জোহা (৩৪) ও কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিন অজ্ঞাত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে ব্যাটারিচালিত রিকশায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে পুলিশ ওই তিনজনকে ধরে ফেলেন। এ সময় তাদের একজন দুই পুলিশ সদস্যকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
পরে খবর পেয়ে শেরেবাংলা নগর থানার অন্য পুলিশ সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, রাতে ডিউটির সময় দুই পুলিশ সদস্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

