বন্দরনগরীর চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে পেটানোর ঘটনায় মামলার পর আজ শুক্রবার ভোরে নগরীর ওয়্যারলেস এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
হামলায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
ওসি আব্দুর রহিম নিজেই দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পাহাড়তলী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান চৌধুরীকে রড দিয়ে মারধর এবং আঙুল ভেঙে ফেলার ঘটনায় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার ও ওয়াকিল হোসেন বগাসহ ১০ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা করেন ভুক্তভোগী শিক্ষক।
থানা সূত্রে জানা যায়, মামলা রেকর্ড করায় রাতে ওসি আব্দুর রহিমকে ফোন দিয়ে গালাগালি করেন বগা। এরপর দলবল নিয়ে রেলওয়ে ওয়্যারলেস এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল করেন বগা ও তার অনুসারীরা।
ওসি আব্দুর রহিম বলেন, ‘বগার বিরুদ্ধে আগের একটি অস্ত্র মামলায় ওয়ারেন্ট ছিল। শিক্ষকের মামলার পর রাতে তাকে গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশ। গভীর রাতে রাস্তা অবরোধ করে পুলিশকে অভিযানে বাধা দেয়ার চেষ্টা করে বগা ও তার লোকজন। পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করলে তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। সেসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে।’
‘ভোরের দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরাসহ বগা পালিয়ে যান,’ বলেন তিনি।
ওসি আরও বলেন, বগাকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সরকারি জায়গার দখল নিয়ে প্রকাশ্যে গোলাগুলির ঘটনার পর গত ৮ জুন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে ওয়াকিল হোসেন ওরফে বগাকে বহিষ্কার করা হয়।

