ঘরোয়া ক্রিকেটে রং ফেরাতে বিসিবির নতুন ‘ডি৩’

ঘরোয়া ক্রিকেট নিয়ে দীর্ঘদিনের একঘেয়েমি কাটিয়ে নতুন রং ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই প্রতিযোগিতার ছাতার নিচে তিন সংস্করণের ক্রিকেট এনে শুরু হচ্ছে ‘ডি৩’ বা ডোমেস্টিক থ্রি। ছয় দলের এই প্রতিযোগিতায় হবে মোট ৪২ ম্যাচ, যার মধ্যে সাতটি চার দিনের, ১৬টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি।

রোববার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতাটির ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ‘ব্রিঙ্গিং কালার ব্যাক টু ডোমেস্টিক ক্রিকেট,’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ডি৩-এর মূল লক্ষ্য দেশের ঘরোয়া ক্রিকেটে দর্শক ও আগ্রহ ফিরিয়ে আনা।

উদ্বোধনী অনুষ্ঠানে তামিম বলেন, ঘরোয়া ক্রিকেটের আকর্ষণ ফিরিয়ে আনাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। তার বিশ্বাস, নতুন এই প্রতিযোগিতা দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনবে। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটকে আকর্ষণ হারানো এবং কখনো কখনো ‘পিকনিক ক্রিকেট’ হিসেবে সমালোচনা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঘরোয়া কাঠামো শক্তিশালী করতে ইতিমধ্যে জাতীয় ক্রিকেট লিগের সঙ্গে এনসিএল দ্বিতীয় একাদশ চালু করা হয়েছে। এবার ডি৩-এর মাধ্যমে আরও বড় পরিবর্তন আনতে চাইছে বিসিবি। নতুন এই প্রতিযোগিতা এনসিএল টি-টোয়েন্টি, বাংলাদেশ ক্রিকেট লিগের চার দিনের এবং এক দিনের আসরের জায়গা নেবে।

ডি৩-তে ছয় দলের মালিকানা পেয়েছে এসিই ব্লু স্টার, অ্যাকমি, সিটিজেনস ব্যাংক, সেভেন রিংস সিমেন্ট, ফরচুন ও ওয়ালটন। তিন মৌসুমের জন্য দলগুলোর স্বত্ব দেওয়া হয়েছে। বিসিবির দাবি, ছয় দলের মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছিল মোট আটটি পক্ষ।

প্রতিটি দলের জন্য একজন করে আইকন ক্রিকেটারও নির্ধারণ করা হয়েছে। ওয়ালটনের আইকন মেহেদী হাসান মিরাজ, ফরচুনের তাওহীদ হৃদয়, অ্যাকমির মোসাদ্দেক হোসেন, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, এসিই ব্লু স্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেনস ব্যাংকের আইকন হয়েছেন মোহাম্মদ নাঈম।

ডি৩-এর টি-টোয়েন্টি পর্ব দিয়ে শুরু হবে নতুন প্রতিযোগিতার পথচলা। আগামী ১৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা এই আসরের। বরিশালকে টি-টোয়েন্টির অন্যতম ভেন্যু হিসেবে রাখা হয়েছে, পাশাপাশি ঢাকাতেও ম্যাচ হবে। বরিশালের ভেন্যুর বাকি কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।

এরপর জানুয়ারিতে হবে চার দিনের প্রতিযোগিতা এবং মে মাসে মাঠে গড়াবে ওয়ানডে পর্ব। সব মিলিয়ে তিন সংস্করণে ছয় দল খেলবে ৪২ ম্যাচ।

দল গঠনের প্রক্রিয়াও নির্ধারণ করেছে বিসিবি। আগামী ২৯ সেপ্টেম্বর হবে ব্যবস্থাপনা খসড়া, আর ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে খেলোয়াড় খসড়া। সেখানে প্রতিটি দল তাদের স্কোয়াডে ২৩ জন করে ক্রিকেটার নিতে পারবে।

ডি৩ থেকে দলগুলোর আয়েও অংশ দেওয়ার পরিকল্পনা করেছে বিসিবি। তামিম জানিয়েছেন, স্পনসরশিপ ও টিকিট বিক্রি থেকে পাওয়া আয়ের ৫০ শতাংশ দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দলগুলোর বাণিজ্যিক স্বার্থও এই প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হতে যাচ্ছে।

Related Articles

Latest Posts