গোপালগঞ্জে বাস ও ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—ট্রাকচালক নাদিম শেখ (২৫) ও ট্রাকে থাকা হাছিব (২৬)। নিহত অপর নারী বাসযাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি আমিনুল ইসলাম বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। আর ডাম্প ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে সড়কের ওপর উল্টে যায়।
তিনি বলেন, ঘটনাস্থলেই ট্রাকচালক নাদিম নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকে থাকা হাছিব ও এক নারী মারা যান। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

