গাজীপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুর ‍উপজেলায় ছুরিকাঘাতে নাছিমা আক্তার (২৭) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ড হয়।

নাছিমার বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামে। তার বাবা মৃত আব্দুর রাজ্জাক। তিনি শ্রীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন ও গড়গড়িয়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

তার ভাই মাসুম আহমেদ জানান, ভোরে ওই বাড়ির আরেক ভাড়াটিয়া নাছিমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীদের সহায়তায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, নাছিমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

যোগাযোগ করা হলে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সঞ্জয় সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘ দিন ধরে তার স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।’

এই পুলিশ কর্মকর্তা জানান, নাছিমার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

‘তার স্বামী সাইদুল ইসলাম পলাতক। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে,’ বলেন তিনি।

Related Articles

Latest Posts