আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলমান প্রকল্প পরিদর্শনে এসে তিনি এ নিদের্শ দেন।
রাজধানীতে নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের’ আওতায় এ শোধনাগারটি নির্মাণ করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় দক্ষ ও আধুনিক পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নগরবাসীকে মানসম্মত সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের পেশাদারিত্ব, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো জরুরি।
তিনি বলেন, ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সম্পদ সংরক্ষণে সহায়ক হবে।
পরিদর্শন শেষে এক সভায় অংশ নেন মির্জা ফখরুল। এতে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ও গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে জানান।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ফেজ থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি ও দ্বিতীয় ফেজ থেকে আরও ৫০ কোটি লিটার পানি দৈনিক রাজধানীতে সরবরাহ করা হবে।

