খুলনার রূপসা উপজেলায় বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে এ ঘটনা ঘটে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. জাকির হোসেন (৪৩) রূপসা থানার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আ. জলিল শেখের ছেলে।
পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।
খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।
খুলনা জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তারা দোকানের পাশে মোটরসাইকেল রাখে।
তাদের একজন দোকানের ভেতরে প্রবেশ করে জাকির হোসেনের মাথায় গুলি করে। পরে তারা মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

