খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. ইসমাইল (৩২)। তিনি ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

খুলনা সদর থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে বলেও ধারণা পুলিশের।

গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের ভাষ্য, ইসমাইলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন। তিনি মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি পুলিশের।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Articles

Latest Posts