কোহলির কারণেই এখন ক্রিকেট অনুসরণ করেন জোকোভিচ!

বিরাট কোহলি—ক্রিকেট বিশ্বের এমন এক নাম যার জনপ্রিয়তা এখন আর কেবল মাঠের সীমানায় আটকে নেই। বিশ্বজুড়ে তার এই যে খ্যাতি, তার আরও একটি বড় প্রমাণ পাওয়া গেল টেনিস মহাতারকা নোভাক জোকোভিচের কথায়। ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সার্বিয়ান তারকা অকপটে স্বীকার করেছেন, কোহলির কারণেই তিনি এখন ক্রিকেট খেলা নিয়মিত খবর রাখেন।

সম্প্রতি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের এক অনুষ্ঠানে কোহলির সঙ্গে তার বন্ধুত্ব ও ক্রিকেট নিয়ে কথা বলেন জোকোভিচ। তিনি জানান, বিরাটের ব্যক্তিত্ব এবং খেলার প্রতি নিবেদন তাকে মুগ্ধ করেছে।

জোকোভিচ বলেন, ‘বিরাট আমার একজন ভালো বন্ধু। সত্যি বলতে, তার কারণেই আমি ক্রিকেট অনুসরণ করা শুরু করেছি। আগে এই খেলাটি নিয়ে আমার তেমন ধারণা ছিল না, কিন্তু বিরাটের মাধ্যমেই এখন আমি ক্রিকেটের অনেক খবর রাখি।’

৩৭ বছর বয়সী কোহলির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই টেনিস কিংবদন্তি আরও বলেন, ‘আমি তাকে ভীষণ সম্মান করি। আমরা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখি। আমি খুব শীঘ্রই ভারতে যেতে চাই। যখন যাব, আশা করি বিরাটের সঙ্গে দেখা হবে। আমরা দুজনে মিলে কিছুটা টেনিস আর কিছুটা ক্রিকেট খেলব। একসঙ্গে সময় কাটিয়ে মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চাই।’

বিরাট কোহলির বিশ্বজোড়া জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম বা হ্যারি কেইনের মতো অ্যাথলেটরাও আগে কোহলির প্রশংসা করেছেন। এমনকি কয়েক বছর আগে জনপ্রিয় পডকাস্টার জো রোগান অবাক হয়ে লক্ষ্য করেছিলেন যে, ইনস্টাগ্রামে বাস্কেটবল তারকা লেব্রন জেমসের চেয়েও কোহলির অনুসারী বেশি।

গত বছর কোহলি সপরিবারে উইম্বলডনে জোকোভিচের ম্যাচ দেখতে গিয়েছিলেন। জোকোভিচ জয়ী হওয়ার পর কোহলি তাকে অভিনন্দন জানান, আর জোকোভিচও পাল্টা ধন্যবাদ জানাতে ভুল করেননি।

ভারতীয় ভক্তদের উদ্দেশে জোকোভিচ বলেন, ‘আমি ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার জন্য আমি কৃতজ্ঞ। ভারতের মানুষের সঙ্গে আমি খুব টান অনুভব করি। আশা করছি খুব দ্রুতই সেখানে কোনো একটি ম্যাচে অংশ নিতে পারব।’

 

Related Articles

Latest Posts