কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম ধাপে ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ অভিযান চলে আজ শনিবার ভোর পর্যন্ত। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা পুলিশ জানায়, পাঁচ ধাপের অভিযানে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আগের চার ধাপে আটক ১ হাজার ১৩০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, কাউকে বাসা থেকে বা রেস্তোরাঁয় বসে থাকা অবস্থায় আটক করা হয়নি। সন্ধ্যার পর পড়াশোনার সময় যাদের রাস্তায় বা বাড়ির বাইরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে, তাদেরই আটক করা হয়েছে।

১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের সদস্যদের সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়ার পর এ অভিযান জোরদার করে পুলিশ।

এ ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ বছর বয়সী তুহিনসহ দুই কিশোর আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরেক আসামি সিয়ামকে তথ্য গোপনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক কেনাবেচা, মাদক সেবন, অবৈধ মোটরসাইকেলের কারবার, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের সদস্যদের কর্মকাণ্ড নজরদারিতে রাখা হচ্ছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো গ্যাং সদস্যকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম গণমাধ্যমে প্রকাশ করা হবে।

Related Articles

Latest Posts