ওপেনএআই ও অ্যানথ্রপিক মানুষের জীবন নিয়ে খেলছে, কেন বললেন গবেষক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের দৌড়ে যুক্তরাষ্ট্রের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিক ‘মানুষের জীবন নিয়ে খেলছে’ এমন অভিযোগ তুলে এআই শিল্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এক গবেষক।

এএফপি জানিয়েছে, ২৭ বছর বয়সী জ্যাকব কক্সন গত তিন বছর এআই মডেলের প্রি-ট্রেনিং নিয়ে কাজ করেছেন। প্রথমে তিনি ওপেনএআইয়ে কাজ করেন। চলতি বছর প্রতিষ্ঠানটি ছেড়ে প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকে যোগ দেন। এআই উন্নয়নে তুলনামূলক সতর্ক অবস্থানের কারণে অ্যানথ্রপিককে তিনি পছন্দ করতেন।

এআই মডেলের প্রি-ট্রেনিং হলো এমন একটি পর্যায়, যখন বিপুল পরিমাণ তথ্যের মাধ্যমে মডেলকে প্রশিক্ষিত করা হয়।

মঙ্গলবার কক্সন বলেন, ‘কোনো প্রতিষ্ঠানই দায়িত্বশীলভাবে কাজ করছে না। তারা সরাসরি এমন এক স্বয়ংক্রিয়ভাবে উন্নত হতে সক্ষম অতিবুদ্ধিমান এআই তৈরির দৌড়ে নেমেছে, যা আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।’

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যারা এআই তৈরি করছেন, তারা সত্যিকার অর্থেই বিশ্বাস করেন যে এই দশকের শেষ নাগাদ এআই আমাদের সবাইকে হত্যা করতে পারে। এটি কোনো বিপণন কৌশল নয়।’

‘সুপারইন্টেলিজেন্স’ বা অতিবুদ্ধিমান এআই বলতে এমন একটি তাত্ত্বিক পর্যায়কে বোঝানো হয়, যখন এআইয়ের সক্ষমতা মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে।

কক্সনের এই বক্তব্যকে সমর্থন করেছেন অ্যানথ্রপিকের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা ইভান হুবিঙ্গার। এক্সে তিনি বলেন, ‘আমরা সত্যিই আন্তরিকভাবে বিশ্বাস করি, এআই সব মানুষকে হত্যা করতে পারে।’

আগামী এক দশকে এমন ঝুঁকির সম্ভাবনা ১০ শতাংশের বেশি বলে নিজের ধারণা জানিয়েছেন হুবিঙ্গার। তিনি বলেন, অ্যানথ্রপিক এ ঝুঁকি মোকাবিলায় ‘সর্বোচ্চ চেষ্টা করছে’, তবে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া কোনো এআই ব্যবস্থা তৈরি হলে সেটি যেন তার নির্মাতাদের নির্দেশ মেনে চলে, তা নিশ্চিত করার কোনো পরিকল্পনা এখনো তাদের নেই। তবে বর্তমান এআই মডেলগুলোর ক্ষেত্রে এমনটি ঘটার ঝুঁকি কম বলে মনে করেন তিনি।

অ্যানথ্রপিক যখন শেয়ারবাজারে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে কক্সনের পদত্যাগের খবর এলো। এ ছাড়া, চলতি গ্রীষ্মে পরীক্ষামূলক ব্যবহারের সময় এআই টুল দিয়ে অনুমতি ছাড়া হ্যাকিংয়ের ঘটনাও ঘটেছে।

কক্সনের অভিযোগের বিষয়ে ওপেনএআই ও অ্যানথ্রপিক তাৎক্ষণিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এআই খাতের নেতারা বলছেন, ‘রিকর্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা স্বয়ংক্রিয় পুনরাবৃত্তিমূলক উন্নতির সময় ঘনিয়ে আসছে। এই পর্যায়ে এআই ব্যবস্থা মানুষের খুব সামান্য সহায়তায় নিজেদের পরবর্তী প্রজন্মের মডেলের নকশা ও প্রশিক্ষণ দিতে সক্ষম হতে পারে।

কক্সন বলেন, অ্যানথ্রপিকের এআই উন্নয়নের প্রচেষ্টা তিনি আন্তরিক বলেই মনে করেন। তবে তার বিশ্বাস, সরকারি হস্তক্ষেপ অথবা সমন্বিতভাবে এআই উন্নয়নের গতি কমানো ছাড়া কোনো প্রতিষ্ঠানই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া এআই দায়িত্বশীলভাবে তৈরি করতে পারবে না।

তিনি বলেন, ‘অ্যানথ্রপিকে ঝুঁকির বিষয়টি ভালোভাবেই বোঝা হয়। কিন্তু তারা আগে সেখানে পৌঁছানোর দৌড়ে নেমেছে। তাদের বিশ্বাস, অন্য কেউ দায়িত্বশীলভাবে কাজ করবে না। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের নিজেদেরই এটা করতে হবে।’

এ বছরের ফেব্রুয়ারিতে অ্যানথ্রপিক তাদের নিরাপত্তা সনদ থেকে একটি প্রতিশ্রুতি সরিয়ে নেয়। ওই প্রতিশ্রুতিতে বলা হয়েছিল, এআই মডেলের ঝুঁকি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সেগুলোর উন্নয়ন বন্ধ করে দেবে।

অ্যানথ্রপিক তখন যুক্তি দিয়েছিল, তারা একতরফাভাবে কাজ বন্ধ করলে তুলনামূলক কম সতর্ক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো বাজারে আধিপত্য বিস্তার করবে, যা সামগ্রিকভাবে এআই খাতকে আরও অনিরাপদ করে তুলতে পারে।

জুলাইয়ের শেষ দিকে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের এক হাজারের বেশি কর্মী মার্কিন সরকারকে সবচেয়ে উন্নত এআই ব্যবস্থা তৈরির গতি সমন্বিতভাবে কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, আগস্টে ওপেনএআই তাদের সর্বশেষ মডেলগুলোর প্রশিক্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত করে। পরে আরও কঠোর নিয়ন্ত্রণের অধীনে সেই কাজ আবার শুরু করা হয়।

রোববার ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচকোকি এআই উন্নয়নে ‘চরম সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানান।

এক ব্লগ পোস্টে তিনি বলেন, ‘ভবিষ্যৎ এআই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সমন্বয় বিশ্বের সরকারগুলোর জন্য সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।’

যুক্তরাষ্ট্রে বর্তমানে এআই মডেল নিয়ন্ত্রণে কোনো কেন্দ্রীয় ফেডারেল আইন নেই।

সেপ্টেম্বরে সিনেটর বার্নি স্যান্ডার্স ও ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ কাসার একটি বিল উত্থাপন করেন। এতে ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা গঠন না হওয়া পর্যন্ত এআই উন্নয়ন স্থগিত রাখার প্রস্তাব করা হয়েছে।

Related Articles

Latest Posts