‘এ ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে’

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার সঙ্গে একই দিন নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো সন্ধান পায়নি পুলিশ।

এ ঘটনায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ক্যাম্পাসে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ফক্স-১৩।

A post shared by Hillsborough County Sheriff (@hcsosheriff)

 

ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম এক ই-মেইল বার্তায় জানান, হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় থেকে লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃষ্টি এখনো নিখোঁজ এবং তার সন্ধানে তদন্ত চলছে।

ওই বার্তায় আরও বলা হয়, এ ঘটনায় হিশাম আবুগারবিয়েহ নামে একজনকে আটক করা হয়েছে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সাবেক শিক্ষার্থী এবং লিমনের সাবেক রুমমেট।

তবে ‘অত্যন্ত দুঃখজনক’ এই ই-মেইল বার্তা দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলেছে বলে ফক্স-১৩-কে জানিয়েছেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার জুনিয়র শিক্ষার্থী এলি পাওয়েল।

‘আমি সামনে ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করছি, কিন্তু বিষয়টা আমাকে ভীষণভাবে বিচলিত করছে’, বলেন পাওয়েল।

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতির কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, এ ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে।’

ফক্স-১৩ জানাচ্ছে, পুরো ক্যাম্পাসজুড়ে এখন শোকের আবহ। শিক্ষার্থীরা একদিকে ফাইনাল পরীক্ষা ও গ্র্যাজুয়েশনের প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে এই ঘটনার ধাক্কা সামলাচ্ছেন।

ক্যাম্পাসের উত্তরে অ্যাভালন হাইটস অ্যাপার্টমেন্টে থাকতেন লিমন। প্রতিবেশী মেগান ম্যাকডোনাল্ড বলেন, শুরুতে বিষয়টি ততটা গুরুতর মনে হয়নি।

‘প্রথমে মনে হয়েছিল তারা হয়তো একসঙ্গে কোথাও চলে গেছেন। কিন্তু পরে বুঝতে পারি ঘটনার ভয়াবহতা’, বলেন ম্যাকডোনাল্ড।

তিনি আরও বলেন, ‘এই ক্ষতি মেনে নেওয়া কঠিন। এটা তো কারও জীবন ছিল। আমি ভাষা খুঁজে পাচ্ছি না’, বলেন তিনি।

এ ঘটনায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যেও বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছে ফক্স-১৩।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই শিক্ষার্থীই বাংলাদেশের নাগরিক এবং তারা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বৃহৎ আন্তর্জাতিক শিক্ষার্থী কমিউনিটির অংশ ছিলেন।

ব্রাজিল থেকে আসা শিক্ষার্থী কোটশো জানান, এই ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

‘তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আশা করি তারা ন্যায়বিচার পাবেন এবং কিছুটা হলেও শান্তি পাবেন। আমি চাই না এমন ঘটনা আর কখনও ঘটুক’, বলেন তিনি।

এই কঠিন সময়ে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে কাউন্সেলিং সেবা চালু রয়েছে বলে জানিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

Related Articles

Latest Posts