এবার জরিমানা ও সতর্কবার্তা পেল রিয়াল

বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে এক অর্থে আরও একটি শিরোপাহীন মৌসুম নিশ্চিত হয়ে গেছে দলটির। এরমধ্যেই আবার জরিমানার মুখে পড়েছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে বেনফিকার বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগে এক সমর্থকের নাৎসি স্যালুট প্রদর্শনের ঘটনায় রিয়াল মাদ্রিদকে ১৫ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। শুধু জরিমানাই নয়, ক্লাবটিকে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এক বছরের প্রবেশন পিরিয়ডে একই ধরনের ঘটনা ঘটলে স্টেডিয়ামের ৫০০ আসন বন্ধ রাখতে হবে।

ঘটনার পরপরই অভিযুক্ত সমর্থককে স্টেডিয়াম থেকে বহিষ্কার করার কথা জানায় রিয়াল মাদ্রিদ। তবুও উয়েফা তাদের শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়ন্ত্রণ বোর্ডের মাধ্যমে এই শাস্তি দেয়, যেখানে ঘটনাটিকে ‘বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই ম্যাচকে ঘিরে বিতর্ক এখানেই শেষ নয়। লিসবনে প্রথম লেগে রিয়ালের তারকা ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন, তাকে বর্ণবাদীভাবে অপমান করেছেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। সেই ঘটনার তদন্ত শেষে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রেস্তিয়ানিকে, যা আপিলের পরও বহাল থাকে।

অন্যদিকে, ওই ম্যাচের পর ভিনিসিয়ুসের দিকে ‘বানর’ অঙ্গভঙ্গি করার অভিযোগে পাঁচজন সমর্থককে নিষিদ্ধ করে বেনফিকাও। ফলে দুই লেগ জুড়েই ম্যাচটি রূপ নেয় বিতর্ক আর বর্ণবাদবিরোধী আলোচনার কেন্দ্রে।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে নাৎসি স্যালুটের অভিযোগে শাস্তি পাওয়ার এটিই দ্বিতীয় ঘটনা। এর আগে টটেনহ্যামকেও একই ধরনের ঘটনায় ৩০ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা, যখন এইনট্র্যাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচে তাদের এক সমর্থকের এমন আচরণ ধরা পড়ে।

 

Related Articles

Latest Posts