এবার আয়ুষ্মান খুরানাকে হুমকি, কোটি টাকা চাঁদা দাবি

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে অডিও বার্তায় হত্যার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে কয়েক কোটি টাকা চাঁদা দাবি করেছেন অজ্ঞাত এক ব্যক্তি।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা ও ফিল্মফেয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়, হুমকির অডিও বার্তাটি যাচাই করে দেখছে পুলিশ। বার্তা পাঠানো ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য পুলিশি নথিতে থাকা বিভিন্ন ব্যক্তির কণ্ঠস্বরের নমুনার সঙ্গে অডিওটির মিল যাচাই করা হচ্ছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আয়ুষ্মান।

সম্প্রতি বলিউডের আরও কয়েকজন তারকার কাছে একই ধরনের হুমকি এসেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

আয়ুষ্মানের আগে অভিনেতা তুষার কাপুর অডিও বার্তায় হুমকি পেয়েছিলেন। তার আগে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়, এরপর এ ধরনের হুমকির বিষয়ে তদন্ত জোরদার করেছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিদের কাছে চাঁদা দাবি ও হুমকি পাঠানোর ঘটনায় জড়িত ব্যক্তি ও গ্যাংগুলোকে শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যেকটা ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে, নাকি প্রতিটি আলাদা ঘটনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Latest Posts