চেলসিতে এনজো ফার্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়ল। লিগ কাপের ম্যাচে লুটনের বিপক্ষে জয় পেলেও আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে রাখেননি কোচ জাবি আলোনসো। আর ফার্নান্দেজকে বাদ দেওয়ার ব্যাখ্যায় এমন এক বার্তা দিয়েছেন তিনি, যা ম্যানচেস্টার সিটিতে তার সম্ভাব্য যোগ দেওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।
চেলসির হয়ে সোমবার ফুলহামের বিপক্ষে প্রিমিয়ার লিগে আলোনসোর অভিষেক ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এনজো। সেই ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পায় চেলসি। কিন্তু মাত্র কয়েক দিন পর লিগ কাপের ম্যাচে লুটনের বিপক্ষে তাকে স্কোয়াডেই রাখেননি স্প্যানিশ কোচ।
ম্যানচেস্টার সিটির সঙ্গে এনজোর সম্ভাব্য দলবদলের আলোচনা চললেও এখন পর্যন্ত চেলসির চাওয়া ১২ কোটি পাউন্ডের মূল্য দিতে রাজি হয়নি কোনো ক্লাব। এমন পরিস্থিতিতে ফার্নান্দেজকে নিয়ে আলোনসোর মন্তব্য স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে।
‘আমাদের সবকিছু বিবেচনায় নিতে হবে। কোন খেলোয়াড় ভালো সময়ে আছে, আর কে সেই শক্তি নিয়ে খেলতে পারছে না, সেটিও দেখতে হবে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, খেলোয়াড়দের খেলার এবং ভালোভাবে প্রস্তুতি নেওয়ার ইচ্ছা থাকতে হবে,’ বলেছেন আলোনসো।
এনজোকে নিয়ে অবশ্য সরাসরি কোনো নেতিবাচক মন্তব্য করেননি চেলসি কোচ। বরং তার সামর্থ্যের প্রশংসা করে সিদ্ধান্তটিকে ম্যাচভিত্তিক বলেই তুলে ধরেছেন তিনি, ‘আমরা কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে লুটনের বিপক্ষে তার স্কোয়াডের অংশ না থাকাই ভালো হবে। সে একজন দুর্দান্ত খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই।’
তবে এনজোকে ঘিরে অনিশ্চয়তার পেছনে শুধু মাঠের বিষয়ই নয়, চেলসির আর্থিক হিসাবও গুরুত্বপূর্ণ। বিপুল অঙ্কের দলবদল ব্যয়ের পর আর্থিক টেকসই নীতির চাপ সামলাতে আর্জেন্টাইন মিডফিল্ডারকে বিক্রি করলে ক্লাবটি বড় অঙ্কের অর্থ পেতে পারে।
চলতি দলবদল মৌসুমে মর্গান রজার্স, ম্যাক্সেন্স লাক্রোয়া, মার্কো পালেস্ত্রা, ভ্যালেন্তিন বারকো, পেপ চাভারিয়া, ড্যানি ওয়েলবেক, ইমানুয়েল এমেগা ও জিওভানি কুয়েন্দার মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে চেলসি। সব মিলিয়ে নতুন খেলোয়াড়দের পেছনে খরচ হয়েছে ৩০ কোটি পাউন্ডেরও বেশি।
এদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিতে পারেন বলে আলোচনা রয়েছে। তার আগমন হলে অনিয়মিত পারফরম্যান্স করা রবার্ট সানচেজের জায়গায় প্রথম পছন্দের গোলরক্ষক হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
অন্যদিকে খেলোয়াড় বিক্রিতেও সক্রিয় চেলসি। লিয়াম ডেলাপ ও নিকোলাস জ্যাকসনের দলবদল থেকেই প্রায় ১০ কোটি পাউন্ড আয় করেছে তারা। এর আগে বড় স্কোয়াডের আকার কমানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন আলোনসো।
এখন পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতিতে সন্তুষ্ট তিনি, ‘আমরা যে পরিকল্পনা করেছিলাম, তার বেশ কাছাকাছি চলে এসেছি। শেষ পর্যন্ত পুরো পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, নাকি কিছু কাজ বাকি থাকবে, সেটা আমরা দেখব। তবে সামগ্রিকভাবে আমাদের স্কোয়াডের ভারসাম্য ভালো হবে। শেষ কয়েক দিনে কী হয়, সেটাই এখন দেখতে হবে।’

