চার বছর আগে ‘হাওয়া’ সিনেমা দিয়ে সাড়া ফেলেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এবার তিনি ফিরছেন নতুন চলচ্চিত্র ‘রইদ’ নিয়ে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সিনেমাটির ‘রইদে আইলা গা জুড়াইতে’ ও ‘মন ছাড়া কি’ গান দুটি। এবার মুক্তি পেলো নতুন গান ‘রহে না’।
গানটির গায়ক শিবু কুমার শীল বলেন, ‘মেঘদলের “এ হাওয়া” গানটি “হাওয়া” সিনেমায় ব্যবহার হয়। তারই ধারাবাহিকতায় “রহে না” গানটি এই সিনেমায় ব্যবহার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গানটিতে এক রকম বৈরাগ্য আছে, ঘর ছাড়ার ব্যাপার আছে। সঙ্গে আবার ঘরে ফেরার ব্যাপারও আছে। একইসঙ্গে একটা মানুষ আরেকটা মানুষের প্রতি আকুল হয়ে থাকার ব্যাপারও আছে। মানুষের ঘরে বাইরের যে অস্থিরতা, টানাপোড়ান, সেই অনুভূতিটা দেওয়ার চেষ্টা করেছি।’
রটারডাম চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন’-এ অফিসিয়ালি নির্বাচিত হয় ‘রইদ’। বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে নিজ দেশে।
সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম ঘিরে ‘রইদ’ সিনেমার কাহিনি। এই দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

