‘ইসলামিক রিপাবলিক অব জাপান’, ভুল করে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুল করে দাবি করেছেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার সবগুলোই প্রতিহত করা হয়েছিল।

তার বক্তব্যে জাপান ও ইরানকে গুলিয়ে ফেলার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে, তিনি সম্ভবত এমন একটি ঘটনার কথা উল্লেখ করতে চেয়েছিলেন, যেখানে ইরান একটি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

আজ মঙ্গলবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন। সংবাদমাধ্যম ফোর্বসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে তার এ বক্তব্য দেখা যায়।

ভিডিওতে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে আমাদের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে হামলা চালায় এবং প্রতিটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। দেশটি একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং সেখানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা খুবই কম। গত প্রায় আট দশক ধরে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সামরিক সংঘাতও ঘটেনি।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে বাড়তে থাকা এবং ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এ মন্তব্য আসে। একই সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।

Related Articles

Latest Posts