ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবারের আগেই এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার স্থানীয় প্রতিবেদক জানান, ইসলামাবাদের দুটি বড় হোটেল থেকে অতিথিদের সরে যেতে বলা হয়েছে। এর মধ্যে আগেরবার আলোচনা অনুষ্ঠিত হওয়া সেরেনা হোটেলও রয়েছে।

এছাড়া রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে শহরে ভারী যানবাহন ও গণপরিবহন বাস চলাচল সীমিত রাখতে বলেছে।

জেলা প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীতে সব ধরনের ভারী যানবাহন ও গণপরিবহন চলাচল সীমিত রাখা হবে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, তেহরান ও ওয়াশিংটন থেকে কঠোর বক্তব্য এলেও সামগ্রিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে দুটি মার্কিন সি-১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করে। এ সময় বিমানবন্দর থেকে রেড জোন পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের আগেই ইসলামাবাদে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি ও প্রাথমিক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে প্রায় ২০ হাজার সদস্যের একটি বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পাঞ্জাব প্রদেশের পুলিশ, আধাসামরিক রেঞ্জার্স, ইসলামাবাদ পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা থাকবেন। এই বাহিনী দ্বিতীয় দফার আলোচনার সময় রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।

Related Articles

Latest Posts