সম্প্রতি একটি স্থানীয় বিজ্ঞাপন প্রচারণা চালায় অ্যাডিডাসের আঞ্চলিক শাখা ‘অ্যাডিডাস অ্যারাবিয়া’। সেখানে সাবেক ইসরায়েলি সেনা শালেভ বিটনকে দেখা যায়। ২০২১ সালে ইসরায়েলি সেনাবাহিনীতে দায়িত্ব পালনের সময় আহত হয়ে নিজের বাম পা হারান তিনি।
বিজ্ঞাপনটির বিষয় ছিল অ্যাডিডাসের ‘সিঙ্গেল শু’ সেবা। এই সুবিধার আওতায় গ্রাহক চাইলে এক জোড়া জুতার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী শুধু একটি জুতা কিনতে পারেন। বিশেষ করে শরীরের কোনো অঙ্গ হারানো বা দুই পায়ে ভিন্ন ধরনের জুতার প্রয়োজন হয়, এমন মানুষের জন্য সেবাটি চালু করা হয়েছে।
তবে প্রচারণায় বিটনের উপস্থিতি ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। অ্যাডিডাসের ইসরায়েলি স্টোরগুলোতে প্রদর্শিত পোস্টারে বিটনসহ মোট ১১ জন প্রতিবন্ধী ক্রীড়াবিদকে রাখা হয়েছিল।
সমালোচনার মূল জায়গা ছিল, গাজা যুদ্ধে হাজারো ফিলিস্তিনি যখন অঙ্গ হারিয়েছেন, সেই সময়ে অঙ্গহানিকে কেন্দ্র করে তৈরি প্রচারণায় একজন সাবেক ইসরায়েলি সেনাকে কেন রাখা হলো।
সমালোচনার মুখে এক বিবৃতিতে অ্যাডিডাস অ্যারাবিয়া বলেছে, স্থানীয় একটি প্রচারণায় ব্যবহৃত ছবি নিয়ে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়ার বিষয়টি তারা বুঝতে পারছে।
প্রতিষ্ঠানটি জানায়, কাউকে কোনোভাবেই আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না এবং এ ঘটনায় যারা ক্ষুব্ধ বা আহত হয়েছেন, তাদের কাছে তারা ক্ষমাপ্রার্থী। বিষয়টি তারা ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ দেখছে বলেও জানানো হয়েছে।
অ্যাডিডাস অবশ্য জানিয়েছে, এটি কোনো বৈশ্বিক বিজ্ঞাপন প্রচারণার অংশ ছিল না; ইসরায়েলে স্থানীয়ভাবেই উদ্যোগটি নেওয়া হয়েছিল।
বিজ্ঞাপনটি নিয়ে বিতর্কের মধ্যে গাজায় যুদ্ধের কারণে অঙ্গহানির ভয়াবহ চিত্রও সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মে মাসে প্রকাশিত হিসাব উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৫ হাজারের বেশি মানুষের অঙ্গ কেটে ফেলতে হয়েছে এবং ২২ হাজারের বেশি মানুষ গুরুতর অঙ্গ-আঘাতের শিকার হয়েছেন। জীবন বদলে দেওয়া এসব আঘাতের শিকারদের এক-চতুর্থাংশ পর্যন্ত শিশু হতে পারে।
এই পরিস্থিতির সঙ্গে অ্যাডিডাসের প্রচারণাটিকে মিলিয়ে দেখেই ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনপন্থী অধিকারকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রতিষ্ঠানটির পণ্য বয়কটের আহ্বানও জানিয়েছেন।
স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমও অ্যাডিডাসের পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যাডিডাসের দাবি, ‘সিঙ্গেল শু’ সেবার মূল লক্ষ্য হলো শারীরিক প্রতিবন্ধকতা বা অঙ্গের পার্থক্য থাকা মানুষের জন্য জুতা কেনাকে আরও সহজ ও সহজলভ্য করা। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাজারে এই সেবা সম্প্রসারণ করা হচ্ছে।

