বিনোদনমূলক অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ নরসিংদীতে। রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে ধারণ করা হয়েছে নতুন পর্বটি।
আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে পর্বটি প্রচারিত হবে।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারও অনুষ্ঠানে থাকছে ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’র পরিবেশনায় একটি লোক-ফিউশনধর্মী গান। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ কথায় গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমন চৌধুরী নিজেই।
এছাড়া অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে থাকছে একটি পরিচিতিমূলক নৃত্যগীতি। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।
বরাবরের মতো এবারের পর্বেও স্থানীয় ইতিহাস-ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।
উয়ারী-বটেশ্বর প্রত্নস্থল, নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুসহ জেলার নানা বৈশিষ্ট্য উঠে আসবে বিভিন্ন প্রতিবেদনে।
এছাড়া থাকছে মানবিক, শিক্ষামূলক ও বিদেশি প্রতিবেদন, কৌতুক, নাট্যাংশ এবং দর্শকপর্বের আয়োজন।

