ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ও সেনা মোতায়েনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে ইসি সচিব বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় নির্বাচনের সময়সূচিসহ বিভিন্ন বিষয়ে নানা মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়। তবে এসব বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

নিরাপত্তাব্যবস্থা নিয়ে তিনি আরও বলেন, সেনা মোতায়েনের বিষয়টি ভবিষ্যতের বিষয়। একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন সবার প্রত্যাশা। প্রয়োজন অনুযায়ী যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো নেওয়া হবে।

এসময় স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারি থেকে জুনের মধ্যে শেষ করা হবে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহ আলমের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। 

জবাবে ইসি সচিব বলেন, প্রতিমন্ত্রীর এ বক্তব্য কমিশনের প্রস্তুতির ক্ষেত্রে একটি ধারণা দিয়েছে। এ অনুযায়ী আমরা বাকি প্রস্তুতিগুলো এগিয়ে নিতে পারি। বিষয়টা আমি কমিশনের সামনে তুলে ধরব।

নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে আখতার আহমেদ জানান, ভোটার তালিকা রয়েছে, নির্বাচনী সামগ্রী রয়েছে এবং ভোটকেন্দ্রও রয়েছে। এখন মূল বিষয় হলো স্থানীয় বাস্তবতা ও সময়ের বিষয়গুলো সমন্বয় করা। এসএসসি পরীক্ষা, রমজান, ধর্মীয় উৎসব এবং জাতীয় দিবসসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এমন একটি সময় নির্ধারণ করতে হবে, যাতে নির্বাচন আয়োজন সুষ্ঠুভাবে করা সম্ভব হয়।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল। সংস্থাটির ‘দ্য ব্যালট’ প্রকল্পের আওতায় বিভিন্ন সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনী প্রক্রিয়ায় অপতথ্য, গুজব ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলার উপায় নিয়ে কথা হয়েছে। পাশাপাশি সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসি সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

তিনি আরও উল্লেখ করেন, ইউএনডিপি তাদের পরিকল্পনার একটি প্রাথমিক রূপরেখা তুলে ধরেছে। এ বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছে, যাতে তারা বুঝতে পারে, আমরা তাদের পরিকল্পনার সঙ্গে একমত কি না। এ পর্যায়ে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

আখতার আহমেদ বলেন, প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করার আগে ইউএনডিপি পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে আরও আলোচনা করবে।

তিনি আরও বলেন, ব্যালট প্রকল্পের চলমান সক্ষমতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ আলোচনা হয়েছে। এর সঙ্গে কোনো নির্দিষ্ট নির্বাচনের সম্পর্ক নেই।

 

 

 

Related Articles

Latest Posts