ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন হলে কেবল সেদিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার জন্য দুই মাসের যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। সেই আহ্বান প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা হলে কেবলমাত্র ভোটের দিন যুদ্ধবিরতি দিতে পারে তারা।

আজ সোমবার ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সাংবাদিকদের বলেন, রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি চায়।

রোববার এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, ‘পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিক, ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দিক। আমরা নির্বাচন আয়োজন করব।’

পেসকভ বলেন, ‘তারা যদি সত্যিই কিয়েভে নির্বাচন আয়োজন করতে চায়, তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক নির্বাচনের দিন ইউক্রেনে হামলা না চালানোর নির্দেশ দিতে প্রস্তুত থাকবেন। তবে সেটা কেবল নির্বাচনের দিনই।’

‘প্রেসিডেন্ট পুতিন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বারবার বলেছেন, আমরা যুদ্ধবিরতি চাই না। আমরা দীর্ঘমেয়াদি শান্তি চাই এবং সেটা অর্জনের জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত’, যোগ করেন পেসকভ।

রাশিয়া দীর্ঘদিন ধরেই ইউক্রেনকে নির্বাচন আয়োজনের জন্য চাপ দিয়ে আসছে। মস্কোর দাবি, নির্বাচন আয়োজন না করায় প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা প্রশ্নবিদ্ধ।

তবে ইউক্রেনের আইন অনুযায়ী, যুদ্ধকালীন সময়ে নির্বাচন আয়োজনে বিধিনিষেধ রয়েছে।

এর আগে রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তি নিয়ে বিতর্কের মধ্যে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনাও করেন তিনি।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’

এর একদিন আগে ট্রাম্প ডিজেল সরবরাহের জন্য পুতিনের সঙ্গে চুক্তির ঘোষণা দিলে তীব্র সমালোচনা করেন জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়ার ডিজেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত মস্কোকে আরও হামলা চালাতে উৎসাহিত করেছে।

Related Articles

Latest Posts