বিশ্বকাপ সেমিফাইনালে নিশ্চিত হয়েছে দুই দলের জার্সিও। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি নয়, বরং নেভি ব্লু অ্যাওয়ে কিট পরে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিহাস বলছে, ইংল্যান্ডের বিপক্ষে এই জার্সি পরে স্মরণীয় দুটি জয়ও আছে আলবিসেলেস্তেদের।
ফিফার ঘোষণায় জানানো হয়েছে, বৃহস্পতিবার আটলান্টা স্টেডিয়ামে নেভি ব্লু জার্সির সঙ্গে কালো শর্টস ও কালো মোজা পরবেন লিওনেল মেসিরা। অন্যদিকে ইংল্যান্ড খেলবে তাদের ঐতিহ্যবাহী অল-হোয়াইট হোম কিটে।
এবারের বিশ্বকাপে নকআউট পর্বে এখনও অ্যাওয়ে জার্সি পরেনি আর্জেন্টিনা। নেভি ব্লু কিটে তাদের একমাত্র ম্যাচ ছিল গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে।
ইংল্যান্ডের বিপক্ষে এই জার্সি অবশ্য আর্জেন্টিনার জন্য সুখস্মৃতিরও প্রতীক। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা, দুটি ম্যাচেই তারা অ্যাওয়ে কিট পরেছিল।
তবে সব স্মৃতিই সুখকর নয়। ১৯৬২ সালে অ্যাওয়ে জার্সি পরে এবং ১৯৬৬ ও ২০০২ বিশ্বকাপে হোম জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের স্বাদও পেয়েছে আলবিসেলেস্তেরা। বিশেষ করে ২০০২ বিশ্বকাপে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরেও গ্রুপ পর্বে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।
অন্যদিকে প্রথম সেমিফাইনালে ফ্রান্স খেলবে তাদের নীল হোম কিটে। স্পেন মাঠে নামবে অফ-হোয়াইট অ্যাওয়ে জার্সিতে। ফ্রান্স-স্পেন ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার ডালাস স্টেডিয়ামে।

