আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার ভিনচিচ

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। এ দায়িত্ব পেয়ে আবেগাপ্লুত ভিনচিচ বলেছেন, বিশ্বকাপ ফাইনালে বাঁশি বাজানো একজন রেফারির জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।

রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালের জন্য রেফারি হিসেবে স্লাভকো ভিনচিচের নাম ঘোষণা করেছে ফিফা। ৪৬ বছর বয়সী এই স্লোভেনীয় রেফারির সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশী তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো স্লোভেনীয় রেফারি বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছেন।

দায়িত্ব পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ভিনচিচ, ‘প্রথমে আমি হতবাক হয়েছিলাম। তারপর আনন্দে কাঁপছিলাম। বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা একজন তরুণ রেফারির সবচেয়ে বড় স্বপ্ন। আমি নিজের জন্য, আমার দলের জন্য এবং আমার দেশ স্লোভেনিয়ার জন্য ভীষণ গর্বিত।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসরে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

ভিনচিচ আন্তর্জাতিক ফুটবলে অত্যন্ত অভিজ্ঞ রেফারি। তিনি ২০২৪ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ পরিচালনা করেছিলেন। এছাড়া ২০২২ ইউরোপা লিগ ফাইনালে রেঞ্জার্স ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ম্যাচেও বাঁশি বাজিয়েছিলেন।

তিনি দুইটি ইউরো চ্যাম্পিয়নশিপেও দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ইউরো ২০২৪-এর সেমিফাইনালে স্পেনের ফ্রান্সকে হারানোর ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনি।

ভিনচিচের বিশ্বকাপ অভিষেক হয়েছিল কাতার ২০২২-এ। সেবার তার প্রথম ম্যাচ ছিল আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের ঐতিহাসিক জয়। যদিও সেই হার থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল লিওনেল স্কালোনির দল।

রোববারের ফাইনাল হবে ভিনচিচের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরে তার চতুর্থ দায়িত্ব। এর আগে ব্রাজিল-মরক্কোর ১-১ ড্র, আলজেরিয়ার জর্ডানের বিপক্ষে জয় এবং শেষ ষোলোতে মেক্সিকোর ইকুয়েডরকে হারানোর ম্যাচ পরিচালনা করেছেন।

 

Related Articles

Latest Posts