চরকির অ্যান্থলজি সিরিজ ‘২ষ’-এর ‘ভাগ্য ভালো’ পর্বে অভিনয়ের জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিটিকস বিভাগে সেরা পুরুষ অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন মোশাররফ করিম।
নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ষ’ প্রশংসিত সিরিজ ‘পেট কাটা ষ’-এর সিক্যুয়েল। চারটি গল্প নিয়ে সাজানো সিরিজটির পর্বগুলো হলো ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত উপাদানের মধ্য দিয়ে প্রতিটি গল্পে ভয়ের ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরা হয়েছে।
‘ভাগ্য ভালো’ পর্বে মোশাররফ অভিনয় করেছেন এক ভাইরাল ভবিষ্যৎবক্তার চরিত্রে। অন্যের ভাগ্য বলে দিতে পারলেও নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানেন না তিনি। এই পর্বের মধ্য দিয়ে প্রথমবারের মতো নুহাশ হুমায়ূনের সঙ্গে কাজ করেছেন মোশাররফ। এতে আরও অভিনয় করেছেন জেবুন্নিসা সোবহান (টুনটুনি), আদনান আদিব খান ও সামিয়া অথৈ।
টেলিভিশন, বড় পর্দা ও ওটিটিতে মোশাররফ করিমের দীর্ঘ অভিনয়জীবনের সাফল্যের ঝুলিতে আরও একটি অর্জন যোগ করল এ পুরস্কার। আশফাক নিপুণের ‘মহানগর’ ও ‘মহানগর ২’-এ ওসি হারুন চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। ‘মহানগর ২’-এর জন্য ২০২৩ সালে ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসে পপুলার বিভাগে সেরা অভিনয়শিল্পীর পুরস্কারও জিতেছিলেন।
পরে ‘আধুনিক বাংলা হোটেল’-এ তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেন মোশাররফ। এ কাজের জন্য ২০২৪ সালের আসরেও পপুলার বিভাগে এই পুরস্কার নিজের করে নেন। তার সাম্প্রতিক অন্যান্য ওটিটি কাজগুলোর মধ্যে রয়েছে ‘মোবারকনামা’ ও ‘অন্ধকারের গান’।
ওটিটির বাইরেও দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে টেলিভিশন ধারাবাহিক ‘৪২০’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ও ‘টেলিভিশন’-এর মতো চলচ্চিত্রগুলো।

